বাসস
  ৩০ জুলাই ২০২৬, ২০:৪৫

চুয়েটের সাথে নরওয়ে দূতাবাস প্রতিনিধিদের সমন্বয় সভা অনুষ্ঠিত

ছবি : বাসস

চট্টগ্রাম, ৩০ জুলাই ২০২৬ (বাসস) : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) প্রশাসনের সাথে বাংলাদেশে নরওয়ে দূতাবাস  প্রতিনিধিদের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

চুয়েট সিন্ডিকেট কক্ষে আজ আয়োজিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম।

চুয়েট ও নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত চলমান কেয়ার প্রকল্পের আওতায় আগামী ৬ আগস্ট নরওয়ে যাচ্ছেন চুয়েটের চার শিক্ষার্থী।

শিক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করে চুয়েট ভিসি অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন, নরওয়েতে শিক্ষা ও গবেষণার এ সুযোগ শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞান দেশের কল্যাণে এবং চুয়েটের শিক্ষা ও গবেষণার উন্নয়নে কাজে লাগাবে বলে আমি বিশ্বাস করি।

এর আগে. গতকাল চুয়েট ও ঢাকাস্থ নরওয়ের দূতাবাস পরিচালিত বাংলাদেশ নরওয়ে রিনিউবেল এনার্জি হাবের চলমান কার্যক্রম পরিদর্শন করেন চুয়েটের ভিসি ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। 

সমন্বয় সভায় চুয়েটের পক্ষে আরও উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আসিফুল হক, ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজির (আইইটি) পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, নরওয়ে দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন হেনরিক এংমো, লিনেয়া ডাল এবং ঢাকা রয়্যাল নরওয়ে দূতাবাসের অর্থনৈতিক বিষয়ক ও বাণিজ্য উপদেষ্টা জনাব সৈয়দ মুনতাসির বায়জিদ।