শিরোনাম

সাতক্ষীরা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : আন্তর্জাতিক বাণিজ্য গতিশীল করতে ও রাজস্ব আদায়ের লক্ষমাত্রা অর্জনের লক্ষ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কাস্টমস হাউজের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভোমরা কাস্টমস হাউজের কমিশনার মুশফিকুর রহমানের সভাপতিত্বে ও কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার মিনহাজুল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, ভোমরা স্থলবন্দর আমদানি ও রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, প্রচার বিষয়ক সম্পাদক মো. আনারুল ইসলাম, ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক আবু মুসা প্রমুখ।
এ সময় কাস্টমস হাউজের সহকারী কমিশনার মোস্তফা কামালসহ কর্তব্যরত রাজস্ব কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আমদানি রফতানি বাণিজ্যে বিভিন্ন সমস্যা তুলে ধরেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। এরপর ব্যবসায়ী নেতৃবৃন্দের বক্তব্য শেষে কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান ভোমরা স্থলবন্দরের আমদানি ও রফতানি বাণিজ্যে গতিশীল ও বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।