শিরোনাম

মুন্সীগঞ্জ, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার সিরাজদিখান উপজেলায় আজ কেমিষ্ট ছাড়াই কসমেটিকস সামগ্রী প্রস্তুততের দায়ে একটি ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার দুপুরে সিরাজদিখান উপজেলার নিমতলা কোটগাঁও এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদের নেতৃত্বে সিরাজদিখান উপজেলার নিমতলা কোটগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ফ্যালি লিমিটেড কসমেটিকস ফ্যাক্টরিতে কেমিষ্ট ছাড়াই ক্রিম, লোশন, শ্যাম্পু, নেইল পালিশ, রিমুভার, ফ্যাসিয়াল স্ক্রাব, আফটার শেভ লোশন প্রস্তুত করার দায়ে ফ্যাক্টরির ম্যানেজার আল মামুনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর শাহ আলম, সিরাজদিখান উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।