শিরোনাম

বগুড়া, ২১ জুলাই ২০২৬ (বাসস): জেলার কাহালু উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে কাহালু উপজেলার ভালতা আদর্শ গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো ভালতা আদর্শ গুচ্ছগ্রামের মো. ফারুকের ছেলে ফাহিম (৮) ও মেয়ে সুরাইয়া খাতুন (৬) এবং তার প্রতিবেশী রাশেদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম (৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভালতা আদর্শ গুচ্ছগ্রামের একটি পুকুরে গোসল করতে গিয়ে ফাহিম ও তার বোন সুরাইয়া এবং জাকিরুল খেলছিল। খেলার একপর্যায়ে সাঁতার না জানার কারণে তিন শিশুই পানিতে ডুবে যায়। ঘন্টাখানেক পরে স্থানীয়রা দুই শিশু- জাকিরুল ও সুরাইয়ার মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে শিশু ফাহিমের মরদেহ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) ব্রজেন চন্দ্র মাহাতো জানান, তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তিন শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।