বাসস
  ২১ জুলাই ২০২৬, ১৫:৫৮

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ২ নারীসহ নিহত ৩

ছবি : বাসস

ময়মনসিংহ, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : ময়মনসিংহে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ২ নারীসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।
আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপোর সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহরা হলেন- জেলার সদর উপজেলার রঘুরামপুর মাঝিপাড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী আবেদা খাতুন (৩৫), তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের আ. মেতালেবের ছেলে শিলা আক্তার (২৫) এবং মহানগরীর জুবলিঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেবরাজ ঘোষ (৩৫)।

ময়মনসিংহ কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক এসআই খালিদ ৩ জন নিহতের বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, একটি ব্যাটারি চালিত অটোরিকশা শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপো থেকে বের হওয়া একটি ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দেবরাজ ঘোষ নামে এক জনের মৃত্যু হয়। আহত হয় অটোচালকসহ আরও ৪ জন।

এ সময় তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিলা আক্তার ও আবেদা খাতুনকে মৃত ঘোষণা করেন। অপর নারীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, অটোরিকশা চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চম্পট দেয়।

এসআই খালিদ বলেন, একটি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহত ২ নারীর মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।