শিরোনাম

রাজশাহী, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সার্বিক কার্যক্রমের পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে আজ এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন। চেয়ারম্যান বলেন, বরেন্দ্র অঞ্চল বাংলাদেশের খাদ্য নিরাপত্তার অন্যতম ভিত্তি। একসময় খরা ও পানির সংকটে পিছিয়ে থাকা এই অঞ্চল আজ কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ অগ্রযাত্রা ধরে রাখতে ভূগর্ভস্থ পানির সুরক্ষা, ভূ-উপরিস্থ পানির সর্বোচ্চ ব্যবহার, আধুনিক সেচ প্রযুক্তির সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে। বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ ও ভূ-উপরিস্থ পানির সঠিক ব্যবহার এবং সেচ কার্যক্রম গতিশীল করা। কৃষকের দোরগোড়ায় উন্নত সেবা পৌঁছে দিয়ে বরেন্দ্রকে টেকসই, সমৃদ্ধ ও স্মার্ট কৃষি অঞ্চলে রূপান্তর করাই বিএমডিএ‘র মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সকল কর্মকর্তা-কর্মচারীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সেচ কার্যক্রম, কৃষি উন্নয়ন, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং মাঠ পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান, এনডিসি, (অতিরিক্ত সচিব), অতি. প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম, বিএমডিএ সচিব মো. মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল লতিফ, নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ, নির্বাহী প্রকৌশলী মো. তোফাজ্জল আলী সরকার, নির্বাহী প্রকৌশলী মোসা. রুবিনা খাতুন, নির্বাহী প্রকৌশলী সানজিদা খানম মলি প্রমুখ।