শিরোনাম

দিনাজপুর, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ৯নং সাতোর ইউনিয়ন পরিষদকে আজ আনুষ্ঠানিকভাবে শিশুশ্রম ও বাল্যবিবাহ মুক্ত এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় বীরগঞ্জ উপজেলার ৯নং সাতোর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়।
‘বন্ধ হোক শিশুশ্রম, শিক্ষার আলোয় ভরে উঠুক শিশুর জীবন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিশু ফোরাম ও স্থানীয় জনগণের সহযোগিতায় জেলার বীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, উপজেলা এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি), ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং ৯নং সাতোর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন রাজা।
প্রধান অতিথি’র বক্তব্যে বীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস বলেন, আমরা সরকারিভাবে মহিলা বিষয়ক অধিদপ্তর, দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত করতে বিভিন্ন প্রকল্প গ্রহণের মাধ্যমে জনসচেতনতামূলক কার্যক্রম ও উঠান বৈঠকে চালিয়ে যাচ্ছি। আমাদের এই ধরনের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে ওয়ার্ল্ড ভিসন বাংলাদেশ সহযোগিতা করে যাচ্ছেন। ওয়াল্ড ভিশন বাংলাদেশের জনসচেতনামূলক কার্যক্রমের মাধ্যমে আমরা এই বীরগঞ্জ উপজেলার ৯নং সাতোর ইউনিয়ন পরিষদ এলাকাকে বাল্য বিবাহ ও শিশুশ্রম মুক্ত শতভাগ কার্যকর করতে সক্ষম হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, আগামীতে আমরা যেন ওয়াল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় পর্যায় ক্রমে জনসচেতনামূলক কার্যক্রম ও উঠান বৈঠকের মাধ্যমে বীরগঞ্জ উপজেলা সব কয়টি ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা করতে পারি এই প্রত্যাশা সবার কাছে আশা করছি।
ওয়াল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধি সেবাস্তে কিউলেস বলেন, আমরা এই ইউনিয়নটিকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত রাখতে জনসচেতনামূলক কার্যক্রম চালিয়ে যাব। যাতে পুনরায় এই ইউনিয়ানটিতে এই ধরনের কার্যক্রম আবার শুরু না হয়। সেই বিষয়টি বাস্তবায়নে আমরা এগিয়ে যাচ্ছি। সেই সাথে আগামীতে বীরগঞ্জ উপজেলার সব কয়টি ইউনিয়নকে বাল্য বিবাহ ও শিশুশ্রম মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করতে পারি। এ জন্য এলাকার সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।
আয়োজিত অনুষ্ঠানের সভাপতি ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন রাজা বলেন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথভাবে এই উপজেলার সাতোর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণকে বাল্যবিবাহ এবং শিশু শ্রমের বিষয় সচেতনা বৃদ্ধি করতে সকলকে সুসংগঠিত করতে সক্ষম হয়েছে। ফলে এই ইউনিয়নের বসবাসরত নাগরিকরা এ ধরনের কাজে বিরোধিতা করে আসছেন। গত ৬ মাসে এই ইউনিয়নে কোন বাল্যবিবাহ হয়নি। অপ্রাপ্ত বয়সের শিশুরা এখন স্কুল গামী এবং পড়াশোনা মুখী হয়েছে। এই ইউনিয়নের শিশুদের পড়াশোনার জন্য ওয়ার্ল্ড ভিশন তাদের সব ধরনের উপকরণ সহযোগিতা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এভাবেই শিশুশ্রম বন্ধ করা সম্ভব হয়েছে।