শিরোনাম

ঢাকা, ১৮ জুলাই, ২০২৬ (বাসস): নারী ও শিশু শহীদ এবং জুলাই যোদ্ধা দিবস উপলক্ষে গতকাল রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ‘২৪-এর গণঅভ্যুত্থান’ বিষয়ক অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা সিরিজ, থিম সং প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর যৌথ প্রযোজনায় এই আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল (অব.) কামাল আকবর। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী নারী, শিশু ও সকল শহীদের স্মৃতি সংরক্ষণ এবং তাদের আত্মত্যাগের ইতিহাস আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া জাতির দায়িত্ব। এ লক্ষ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ধারাবাহিকভাবে বিভিন্ন গবেষণা, প্রকাশনা ও স্মারক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
প্রধান আলোচক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং সচিব (রুটিন দায়িত্ব), মো. শাহ আলম, বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের যথাযথ রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের সদস্যদের কল্যাণে একটি সমন্বিত ও টেকসই সহায়তা কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বিশেষ অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা বলেন, শহীদদের আমরা যেন শুধু জুলাই মাসে নয়, বরং প্রতিদিন আমাদের চিন্তা, চেতনা, কর্ম ও মূল্যবোধে ধারণ করি। যে শিশুটি পৃথিবীর আলো দেখার আগেই জীবন দিয়েছে, তার আত্মত্যাগও আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। একটি বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়েই শহীদদের আত্মত্যাগের যথার্থ মূল্যায়ন সম্ভব।
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটির সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম কচি বলেন, জুলাই আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় অধ্যায়। শোককে শক্তিতে রূপান্তর করে শহীদদের আদর্শ ধারণের মধ্য দিয়েই একটি উন্নত ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদক মো. ফজলুল হক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাংবাদিক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল) এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস. এম. আব্দুর রহমান।

অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন। তারা শহীদদের আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ, গবেষণা এবং নতুন প্রজন্মের কাছে তা যথাযথভাবে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে ‘২৪-এর গণঅভ্যুত্থান’ বিষয়ক থিম সং, অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা সিরিজ প্রদর্শন এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর যৌথ উদ্যোগে ১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত বাংলাদেশ ফিল্ম আর্কাইভে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে জুলাইয়ের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আলোচনা সভা, অডিও-ভিজ্যুয়াল প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।