বাসস
  ১৬ জুলাই ২০২৬, ২২:১৫

আবু সাঈদরা প্রতিদিন জন্ম নেন না, যুগে যুগে একজনই আসেন : প্রতিমন্ত্রী ফরহাদ

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ফাইল ছবি

ঢাকা, ১৬ জুলাই, ২০২৬(বাসস) : পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘আবু সাঈদরা প্রতিদিন জন্মগ্রহণ করেন না, যুগে যুগে একজনই আসেন। টিয়ারশেল-লাঠিচার্জ উপেক্ষা করে আবু সাঈদ সেদিন বুক চিতিয়ে বলেছিলেন, বুক পেতেছি, গুলি কর- বুকের ভেতর অনেক ঝড়। তার সেই সাহসী অবস্থানই বাংলাদেশকে নতুন করে মুক্ত করেছিল।’

আজ বৃহস্পতিবার রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) স্বাধীনতা স্মারক মাঠে জুলাই শহীদ দিবস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের রংপুর অঞ্চল অনেকভাবে বঞ্চিত। প্রধানমন্ত্রী আমাদের কথা দিয়েছেন, তিনি এবার আঞ্চলিক সমতার ভিত্তিতে উন্নয়ন করবেন। 

তিনি বলেন, বর্তমান সরকার এবার শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট দিয়েছে, সেই বাজেটের আলোকে রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ রংপুর অঞ্চলের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষামানের আমূল পরিবর্তন নিয়ে আসবে। আবু সাঈদ হত্যা মামলার রায় হয়েছে, এ রায় এখনো কার্যকর হয় নাই। আজকে আবু সাঈদের এ দ্বিতীয় মৃত্যুবার্ষিকীকে দাঁড়িয়ে আমরা বলতে চাই, আবু সাঈদের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। 

তিনি আরও বলেন, বিগত দিনের ফ্যাসিস্টরা বিভিন্ন রূপে ও বিভিন্ন মোড়কে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। একটি বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ গড়তে সব রাজনৈতিক দল ও মতের মানুষের ঐক্য প্রয়োজন। 

আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। আবু সাঈদের রক্ত এবং ২৪-এর শহীদদের আত্মত্যাগ কোনোদিন বৃথা যেতে দেওয়া হবে না।

ফরহাদ হোসেন আজাদ বলেন, জুলাইয়ের সেই গণঅভ্যুত্থান শুধু একটি আন্দোলনই ছিল না, এটি ছিল দীর্ঘ দেড় দশক ধরে জনগণের ওপর চাপিয়ে দেওয়া ফ্যাসিবাদ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, লুণ্ঠন, গুম, খুন, দমন-পীড়ন এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে সমগ্র জাতির ঐক্যবদ্ধ প্রতিরোধ।

তিনি বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের বীর শহীদরা একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে পারে না। তাদের রক্তের ঋণ পরিশোধের একমাত্র উপায় হলো আইনের শাসন, সুশাসন, মানবিক মূল্যবোধ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করা। 

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার সবসময় জুলাই শহীদদের স্মৃতি সংরক্ষণ, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। 

তিনি বলেন, শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে আমাদের দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।