শিরোনাম

নড়াইল, ১৬ জুলাই, ২০২৬, (বাসস): সদর উপজেলার দুর্গাপুর-ডুমুরতলা এলাকায় পাতিয়ার (পাতেল) বিলে উন্মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে এলাকার জনগণের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পাতিয়ার বিলের মৎস্য সম্পদের সুরক্ষা এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. আজিজুর রহমান মিয়া।
এ সময় মাইজপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. ইসহাক মিয়াসহ স্থানীয় মৎস্যচাষি, উপকারভোগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জহুরুল ইসলাম।
সূত্রে জানা যায়, মাছের অভয়াশ্রম পাতিয়ার বিলে রুই, মৃগেল ও পুঁটি মাছসহ বিভিন্ন প্রজাতির মোট ১৬০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পাতিয়ার বিল এ অঞ্চলের মানুষের আমিষের চাহিদা মেটানোর প্রধান উৎস। মাছের পোনা অবমুক্তকরণের এই উদ্যোগের ফলে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় মৎস্যজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে মো. জহুরুল ইসলাম বলেন, পাতিয়ার বিলের উন্মুক্ত জলাশয়ে মাছের প্রাচুর্য ফিরিয়ে আনতে দেশীয় প্রজাতির পুঁটি মাছসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ফলে এই বিলে মাছ চাষ আগের তুলনায় আরও বৃদ্ধি পাবে যা এলাকার মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।