শিরোনাম

পাবনা, ১৬ জুলাই, ২০২৬, (বাসস): জেলা শহর থেকে অস্ত্র ও গুলিসহ রাতুল ইসলাম (২৩) নামে একজনকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি গুলি ও ৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার পাবনা সদর থানার দক্ষিণ রামচন্দ্রপুর চর মন্ডলপাড়া এলাকার পরীর মাঠ সংলগ্ন ইছামতি ক্যানেলের শালতলা ব্রিজের পাশ থেকে তাকে আটক করা হয়।
মো. রাতুল পাবনা পৌরসভার মন্ডলপাড়া এলাকার মো. রাসেল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে রাতুলকে আটক করে। এ সময় তার কাছ থেকে পিস্তল, গুলি ও খালি ম্যাগাজিন উদ্ধার করা হয় ।
জিজ্ঞাসাবাদে রাতুল পুলিশকে জানায়, আর্জেন্টিনা দলের বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে রাতে বড় ধরনের খাওয়া-দাওয়ার আয়োজন করছিল সে এবং তার পলাতক সহযোগীরা।
এই আয়োজনের খরচের টাকা জোগাড় করতে তারা এলাকার বিভিন্ন ব্যবসায়ী ও চাকরিজীবীদের কাছে জোরপূর্বক চাঁদা দাবি করে।
এরই ধারাবাহিকতায় স্থানীয় মুদি দোকানদার মো. জাকিরের কাছে চাঁদা দাবি করলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান।
এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা দুপুরে বৌ বাজার ব্রিজের ওপর জাকিরের একটি অটোরিকশা আটকে দেয় এবং চাঁদা না দিলে ব্যাটারি বিক্রি করে টাকা নেওয়ার হুমকি দেয়।
পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতির কারণে তারা অটোরিকশাটি ছেড়ে দিতে বাধ্য হয়।
চাঁদা না পেয়ে ক্ষিপ্ত আসামিরা সিদ্ধান্ত নেয়, আর্জেন্টিনার খেলা চলাকালীন মুদি দোকানদার জাকির হোসেনের ওপর বড় ধরনের আক্রমণ বা ক্ষতি সাধন করবে।
এই উদ্দেশ্যেই পলাতক আসামিরা অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি এনে রাতুলের কাছে জমা রেখেছিল। ঘটনাস্থলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও রাতুল অস্ত্রসহ হাতেনাতে ধরা পড়ে।
পাবনার পুলিশ সুপার ছুফি উল্লাহ বলেন, যার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে সে অস্ত্রের সাপ্লায়ার এবং তাদের সহযোগী। এ ঘটনায় থানায় মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, এ ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের আটক ও অবৈধ অস্ত্র উদ্ধারে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে।