বাসস
  ১৬ জুলাই ২০২৬, ২২:১৮

সৌদিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাই নিহত

লক্ষ্মীপুর, ১৬ জুলাই, ২০২৬, (বাসস): সৌদি আরবের রিয়াদ শহরে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দুই সহোদর ভাই নিহত হয়েছেন।

নিহতরা হলেন—ফয়েজ আহমেদ সজীব (৩০) ও ফরহাদ হোসেন সুজন (২৭)।

তারা চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর খলিফার বাড়ি এলাকার কামারহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেকের ছেলে। 

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নিহতদের বাবা আব্দুল মালেকসহ তার স্বজনরা।

চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বাসসকে বলেন, ঘটনাটি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে তাদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

পুলিশ ও স্বজনরা জানান, মঙ্গলবার গভীর রাতে সৌদি আরবের রিয়াদ শহরে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল নিয়ে ফিরছিলেন সজীব ও সুজন দুই ভাই। এ সময় তাদের বহনকারী গাড়িটিকে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি ধাক্কা দেয়। 

এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে দুই ভাই গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুই ভাইয়ের মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর পরিবার ও আত্মীয়স্বজনসহ চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় বাসিন্দারা জানান, সজীব ও সুজন ছিলেন ভদ্র, পরিশ্রমী ও সবার কাছে অত্যন্ত প্রিয় মানুষ। জীবিকার তাগিদে তারা দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। দুই ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা আব্দুল মালেকসহ পরিবারের সদস্যরা।

নিহতদের বাবা আব্দুল মালেক দুই ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।