শিরোনাম

ঢাকা, ১২ জুলাই, ২০২৬ (বাসস) : সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক, সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
আজ রোববার এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য, গুণগ্রাহী ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র ও কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব ছিলেন। দেশের আইন অঙ্গন, জাতীয় সংসদ এবং সামগ্রিক রাজনীতিতে তাঁর অবদান অবিস্মরণীয়।
স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে সংকটময় সময়ে তিনি নিষ্ঠা, সততা, প্রজ্ঞা ও নিরপেক্ষতার সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ইতিহাসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি আরও বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার শুধু একজন সফল রাজনীতিবিদই ছিলেন না, তিনি ছিলেন একজন প্রাজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ ও অনন্য ব্যক্তিত্ব। জাতীয় সংসদের অভিভাবক হিসেবে সংসদীয় কার্যপ্রণালী এবং গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দল-মত নির্বিশেষে তিনি সকলের কাছে শ্রদ্ধেয় ছিলেন। তাঁর মৃত্যু দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
পরিবেশমন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের অবদান এবং আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
মন্ত্রী মহান আল্লাহর কাছে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি ও ধৈর্য দানের জন্য দোয়া করেন।