শিরোনাম

রংপুর, ১২ জুলাই, ২০২৬ (বাসস) : রংপুরের সিনিয়র সাংবাদিক, রিপোর্টার্স ক্লাব রংপুরের প্রতিষ্ঠাতা সদস্য এবং দৈনিক প্রথম খবর-এর নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম বাবলার দাফন তার নিজ গ্রামে সম্পন্ন হয়েছে।
গতকাল শনিবার এশার নামাজের পর রংপুর মহানগরের সেনপাড়া এলাকায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে নগরীর মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১১ জুলাই) সকাল ৯টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর সিএমএইচে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তৌহিদুল ইসলাম বাবলা রংপুরের সাংবাদিকতায় একজন সুপরিচিত ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি রিপোর্টার্স ক্লাব রংপুরের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে সাংবাদিক সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কর্মজীবনে তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক প্রথম খবর-এর নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিজীবনে তিনি দুই কন্যা সন্তান রেখে গেছেন।
তার মৃত্যুতে রংপুরের সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।