শিরোনাম

রংপুর, ১২ জুলাই, ২০২৬ (বাসস): রংপুর নগরীর মডার্ন মোড় এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক মাদ্রাসার অধ্যক্ষ নিহত হয়েছেন। নিহত মাওলানা আবুল কাসেম (৫৫) মিঠাপুকুর উপজেলার জিয়াদপুর মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন।
আজ সকাল আনুমানিক ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের তুলা গবেষণা কেন্দ্রের সামনে মডার্ন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে যাওয়ার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ তার স্বজনেরা নিয়ে গেছে।
রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।