বাসস
  ০৩ জুলাই ২০২৬, ১৮:৩৮
আপডেট : ০৩ জুলাই ২০২৬, ২০:০২

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে : পানিসম্পদ মন্ত্রী     

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালীতে আয়োজিত সভায় বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : বাসস

লক্ষ্মীপুর, ৩ জুলাই, ২০২৬ (বাসস) : পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে। 

মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, কেউ মাদকের ব্যবসা করলে আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। 

আজ লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি এলাকায় আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।  

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের উন্নয়নে টাকা দিচ্ছে। ওই টাকা থেকে প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন তারা। 

তিনি বলেন, দেশের মানুষের জন্য ১৭ বছর আন্দোলন সংগ্রাম ও লড়াই করেছি। মানুষ শান্তিতে বসবাস করবে এ লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করছে। সে কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নের জন্য সবাইকে কাজ করতে হবে।

সভায় জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।