শিরোনাম

যশোর, ২৮ জুলাই, ২০২৬ (বাসস): শহরের বড় বাজারে অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারি জাল মজুত ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
পরে তাদের কাছ থেকে উদ্ধার করা ৮০০ মিটার জাল সদর উপজেলার পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিউল আলম।
তিনি জানান, অবৈধ চায়না দুয়ারি জাল মজুত ও বিক্রির দায়ে বড় বাজারের ব্যবসায়ী শহরের বারান্দীপাড়া এলাকার সুজন পালকে ২০ হাজার টাকা এবং বেজপাড়া এলাকার সুভাল পাল ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।
তিনি বলেন, অবৈধ চায়না দুয়ারি জাল নির্বিচারে ছোট বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণির মারাত্মক ক্ষতি করে। এই জাল জলজ জীববৈচিত্রের জন্য বড় হুমকি। পরিবেশ বিধ্বংসী এই জালের ব্যবহার ও বাণিজ্য বন্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।