শিরোনাম

খুলনা, ২৮ জুলাই ২০২৬(বাসস): খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) এর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের শিক্ষার্থী সীমান্ত চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত জাতীয় প্রবন্ধ প্রতিযোগিতা-২০২৬-এ সারা দেশে প্রথম স্থান অর্জন করেছেন।
তার প্রবন্ধের শিরোনাম ছিল ‘চতুর্থ শিল্প বিপ্লব (এআই ও আইটি) এবং মে দিবস: পরিবর্তনশীল বিশ্বে শ্রমিক সুরক্ষা ও চ্যালেঞ্জ’। প্রবন্ধটি পরবর্তীতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রকাশিত সরকারি প্রকাশনাতেও অন্তর্ভুক্ত হয়েছে। সম্প্রতি রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সীমান্ত চৌধুরীর হাতে সম্মাননা স্মারক, সনদ ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সীমান্ত চৌধুরীর এ অসাধারণ অর্জনে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, সীমান্ত চৌধুরীর এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের সৃজনশীল গবেষণা, লেখালেখি ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণে আরও অনুপ্রাণিত করবে। তিনি সীমান্ত চৌধুরীর ভবিষ্যৎ শিক্ষা, গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ডের ধারাবাহিক সাফল্য কামনা করেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. নূরুন্নবী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. আশরাফুল আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ইসিই ডিসিপ্লিনের প্রধান প্রফেসর এস. এম. শামসুল আলম, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দীন এবং সকল শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।