বাসস
  ২৮ জুলাই ২০২৬, ১৮:৩৬

বান্দরবানে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

ছবি : বাসস

বান্দরবান, ২৮ জুলাই ২০২৬ (বাসস): জেলার আলীকদম উপজেলায় আজ কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণের লক্ষ্যে ৬৫ জন কৃষকের মধ্যে ১১ হাজার ১৮০টি বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা এবং জৈব সার বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৪টায় আলীকদম জেলা পরিষদ রেস্ট হাউস আয়োজিত এক অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এসব চারা বিতরণ হয়।

এ অনুষ্ঠঅনে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন। 

এসময় হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক লিটন দেবনাথ এবং আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা ও সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক কৃষিবিদ মো. সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের আওতায় ৬৫ জন কৃষকের প্রত্যেককে ১৭২টি করে মোট ১১ হাজার ১৮০টি বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা প্রদান করা হয়েছে।এগুলোর মধ্যে আম, কফি, পেয়ারা, লেবুসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রয়েছে। এছাড়া কৃষকদের মধ্যে জৈব সারও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।