শিরোনাম

ঢাকা, ২ জুলাই, ২০২৬ (বাসস): ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ কার্যকরভাবে এগিয়ে নিতে অত্যন্ত দক্ষ, পেশাদার ও যোগ্য কূটনীতিক বাহিনী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ‘রিফ্রেশার্স কোর্স ফর ডিরেক্টরস-২০২৬’-এর সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন, আন্তঃসীমান্ত নদীর পানি বণ্টন, অভিবাসন, মুক্ত বাণিজ্য চুক্তি, শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠা কার্যক্রম, রোহিঙ্গা সংকটসহ জাতীয় অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন বিষয়ে কূটনীতিকদের আরও গভীর দক্ষতা ও বিশেষজ্ঞ জ্ঞান অর্জন অত্যন্ত জরুরি।
বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম বলেন, মধ্য-পর্যায়ের কূটনীতিকদের পেশাগত দক্ষতা আরও জোরদারে এ রিফ্রেশার্স কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি বলেন, পরিবর্তিত বৈশ্বিক ও কূটনৈতিক বাস্তবতার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে এ প্রশিক্ষণ কর্মসূচি কূটনীতিকদের সক্ষম করে তুলছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফরেন সার্ভিস একাডেমির রেক্টর রাষ্ট্রদূত মুহাম্মদ আব্দুল মুহিত।
তিনি বলেন, বর্তমান সময়ের কূটনীতিকদের বিশ্লেষণধর্মী, অভিযোজনক্ষম, বিচক্ষণ, সংযত ও নৈতিক হতে হবে। ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে উচ্চমানের পেশাদার কূটনীতিক গড়ে তুলতে ফরেন সার্ভিস একাডেমি প্রতিশ্রুতিবদ্ধ।
ফরেন সার্ভিস একাডেমি তাদের ধারাবাহিক পেশাগত উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে প্রতিবছর এ ‘রিফ্রেশার্স কোর্স’ আয়োজন করে।
চলতি বছর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১৩ জন পরিচালক সফলভাবে এ কোর্স সম্পন্ন করেন এবং অনুষ্ঠানে তাদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ফরেন সার্ভিস একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানকারী রিসোর্স পারসনরা উপস্থিত ছিলেন।