বাসস
  ০২ জুলাই ২০২৬, ১৮:২৮

লালমনিরহাটে বন্যাদুর্গত ১৫শ পরিবারের মধ্যে ত্রাণ ও অর্থ বিতরণ

আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ ও নগদ টাকা তুলে দেন। ছবি : বাসস

লালমনিরহাট, ২ জুলাই, ২০২৬, (বাসস): সদর উপজেলার মোগলহাট, রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৫০০ পানিবন্দী পরিবারের মধ্যে জরুরি খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের হাতে এই ত্রাণ ও নগদ টাকা তুলে দেন। একই সঙ্গে তিনি দুর্গত মানুষের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

ত্রাণ বিতরণকালে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বন্যাকবলিত এলাকায় দ্রুত খাদ্য ও ত্রাণসহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। কোনো দুর্গত মানুষ যেন খাদ্যসংকটে না পড়ে, সেজন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিয়েছে।

আসাদুল হাবিব দুলু আরও বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সরকারি পুনর্বাসন কর্মসূচির আওতায় আনা হবে। দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে উল্লেখ করে তিনি স্থানীয় প্রশাসনকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেন।

এ সময় মন্ত্রী গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত দলীয় নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের বিশেষ সম্মাননা হিসেবে গবাদিপশু ও আর্থিক সহায়তা দেন।

অনুষ্ঠানে লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাস, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তালিকাভুক্ত প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে। পর্যায়ক্রমে বন্যাদুর্গত সব মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।