বাসস
  ০২ জুলাই ২০২৬, ১৭:১৬
আপডেট : ০২ জুলাই ২০২৬, ১৭:৫৮

ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রমাদান প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা, ২ জুলাই, ২০২৬ (বাসস) : বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের প্রতি দৃঢ় সমর্থন বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত  করেছে। 

একই সঙ্গে তাদের ন্যায্য অধিকার এবং একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি অটল থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রমাদান প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা করেন।

হুমায়ুন কবির ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের অবস্থান পুনরায় তুলে ধরেন।

রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রমাদান ফিলিস্তিনের প্রতি দীর্ঘদিনের ও অবিচল সমর্থনের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।