শিরোনাম

ঢাকা, ২০ জুন, ২০২৬ (বাসস) : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিরাপদ নৌ-চলাচল নিশ্চিতকরণ, সামুদ্রিক সম্পদের অনুসন্ধান ও ব্যবস্থাপনা এবং উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়নে হাইড্রোগ্রাফিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন।
রাষ্ট্রপ্রধান আগামীকাল ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৬’ উপলক্ষ্যে আজ দেওয়া এক বাণীতে এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের বিশাল সমুদ্রাঞ্চল জাতীয় অগ্রগতি, সুনীল অর্থনীতির বিকাশ এবং প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানের অপার সম্ভাবনার এক বিশাল ভাণ্ডার।
তিনি যুক্ত করেন, এসব সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক ও কার্যকর হাইড্রোগ্রাফিক কার্যক্রমের গুরুত্ব অপরিসীম।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক বিভাগ উপকূলীয় ও সামুদ্রিক এলাকায় জরিপ পরিচালনা, নটিক্যাল চার্ট প্রণয়ন, নিরাপদ নৌ-চলাচল নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মান অনুযায়ী তথ্য আদান-প্রদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে সমুদ্রসংক্রান্ত তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এ খাতে দক্ষ জনবল গড়ে তোলা এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা জোরদার করা এখন সময়ের দাবি।
রাষ্ট্রপতি নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট বিশেষায়িত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রশিক্ষণ, শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
হাইড্রোগ্রাফি সেবা সামুদ্রিক পরিবহন ও সুনীল অর্থনীতির উন্নয়নের পাশাপাশি সামুদ্রিক পরিবেশ সংরক্ষণেও কাঙ্ক্ষিত অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৬’ উপলক্ষ্যে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।