বাসস
  ১৮ জুলাই ২০২৬, ২০:৩৮

রাঙ্গামাটির কাপ্তাইয়ে বনমোরগ অবমুক্ত

ছবি : বাসস

রাঙ্গামাটি, ১৮ জুলাই ২০২৬ (বাসস) : জেলা সদর থেকে উদ্ধারকৃত একটি বনমোরগ আজ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে বন বিভাগ।

আজ শনিবার দুপুরে জেলা শহরের দোয়েল চত্বর থেকে বনমোরগটি উদ্ধার করা হয়। পরে বিকেলে সেটি কাপ্তাইয়ে অবমুক্ত করা হয়। 

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার  দুপুরে বন বিভাগের সদস্যরা জেলা শহরের দোয়েল চত্বর এলাকায় অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত ব্যাগ তল্লাশি করে বনমোরগটি উদ্ধার করেন। এর আগে, বন বিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে বনমোরগটি ফেলে রেখে বিক্রেতা পালিয়ে যান। পরে বনমোরগটি জব্দ করা হয়। 

তিনি আরও জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বনমোরগটি কাপ্তাই রেঞ্জে পাঠানো হয়। পরে সেটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হয়েছে।