শিরোনাম

পিরোজপুর, ১৮ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় সাংবাদিকতার মানোন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে আজ শনিবার সকাল ১০টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
প্রশিক্ষণ শেষে বিকেলে জেলা প্রশাসক আবু সাঈদ প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকদের মাঝে সনদ প্রদান করেন।
প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমদ সিদ্দিকী ও দি পিরোজপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউল হক।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন ছিলেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, অতিরিক্ত পুলিশ সুপার মো.জিয়াউর রহমান, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন ও ফ্রিল্যান্স সাংবাদিক কৃষিকর্মকর্তা জগৎ প্রিয় দাস।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সময়ে তথ্যের প্রবাহ যেমন বেড়েছে, তেমনি ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তাই একজন সাংবাদিকের দায়িত্ব শুধু তথ্য সংগ্রহ নয়, তথ্যের সত্যতা যাচাই করেও তা প্রকাশ করা।
বক্তারা আরও বলেন, এআই প্রযুক্তি সাংবাদিকতার নতুন সম্ভাবনার দ্বার খুলে দিলেও এর ব্যবহার হতে হবে নৈতিকতা ও দায়িত্ববোধের সঙ্গে। ফ্যাক্ট চেকিংয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকরা আরও নির্ভুল ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন করতে পারবেন।