বাসস
  ০৮ জুন ২০২৬, ২০:২৮

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

কক্সবাজার, ৮ জুন, ২০২৬ (বাসস) : জেলার চকরিয়া উপজেলায় পাহাড়ি ঢালু রাস্তায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু ও বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ প্রায় ৩০ যাত্রী।

আজ সোমবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের মেধা কচ্ছপিয়া পাহাড়ি ঢালু রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম।

নিহতরা হলেন, দুর্ঘটনা কবলিত এ সালাম বাসের চালক মোহাম্মদ আলী (২৫) ও মোহাম্মদ ইয়াহিয়া (১ বছর) নামের এক শিশু। তাদের বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

নিহত মোহাম্মদ আলী উখিয়া উপজেলার মরিচ্যা পাগলীর বিল এলাকার নুরুল ইসলামের ছেলে এবং নিহত শিশু মোহাম্মদ ইয়াহিয়া বান্দরবানের লামা উপজেলার বানিয়ারছড়া এলাকার মনজুর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, দুপুরে চকরিয়ার খুটাখালী মেধা কচ্ছপিয়া এলাকার একটি পাহাড়ি ঢালু ও ঝুঁকিপূর্ণ বাঁকে কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার এভারগ্রিন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত থেকে এ সালাম পরিবহনের বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসেরই সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটির ছাদ ভেঙে অনেক দূরে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসের চালক ও এক শিশু মারা যায়।

দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং আহতদের উদ্ধার করে নিকটবর্তী চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি মাহাবুব আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করে।
পাহাড়ি ঢালু ও ঝুঁকিপূর্ণ বাঁকে অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।