বাসস
  ০৮ জুন ২০২৬, ১৯:৪৮

লালমনিরহাটে দুই বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ছবি : বাসস

লালমনিরহাট, ৮ জুন, ২০২৬, (বাসস) : জেলার হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন ও নূরুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জেলা প্রশাসন।

আজ সোমবার বিকেলে জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুরে মরহুম দুই বীর মুক্তিযোদ্ধার নিজ নিজ এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় (গার্ড অব অনার) দাফন সম্পন্ন করা হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপজন মিত্র তাদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করে। পরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

এদিকে, দুই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে জেলা প্রশাসক গভীর শোক প্রকাশ করে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।