বাসস
  ০৮ জুন ২০২৬, ১৮:১৮

সীতাকুণ্ডে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৩

চট্টগ্রাম, ৮ জুন, ২০২৬ (বাসস) : জেলার সীতাকুণ্ড উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (৮ জুন) সকালে সীতাকুণ্ড থানার সলিমপুর বাইপাসের আগে ওভারব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- রায়হান উদ্দীন, জাহেদ ও মহসিন আরফাত। তাদের মধ্যে জাহেদ রাউজান উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক বলে জানা গেছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, সোমবার সকালে ১০ থেকে ১৫ জনের একটি দল ওই এলাকায় মিছিলের চেষ্টা করে। এ সময় থানার টহল দল তিনজনকে গ্রেফতার করে।

এর আগে গত ৬ জুন সীতাকুণ্ড থানায় নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে দায়ের করা মামলায় এই তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে বলে ওসি মহিনুল ইসলাম জানান।