শিরোনাম

রাজশাহী, ১৭ মে, ২০২৬ (বাসস) : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, আজকের ক্ষুদে খেলোয়াড়রাই আগামী দিনে জাতীয় পর্যায়ের খেলায় নেতৃত্ব দিবে।
তিনি বলেন, জেলায় যারা ভালো করেছে, তারা বিভাগীয় পর্যায়ে এসেছে এবং বিভাগে ভাল করলে তারা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে।
মিজানুর রহমান মিনু আজ বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধনকালে এ কথা বলেন।
ক্ষুদে খেলোয়াড়দের সম্পর্কে ভূমিমন্ত্রী বলেন, ‘এক সময় তারাই জাতীয় পর্যায়ের সমস্ত খেলায় নেতৃত্ব দিবে।’
এ সময় তিনি সকল খেলোয়াড়কে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৬ আসনের এমপি আবু সাইদ চাঁদ, রাজশাহী-৫ আসনের এমপি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান ও অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ।
বিভিন্ন ইভেন্টে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা দল এই খেলায় অংশগ্রহণ করছে।