বাসস
  ২২ জুলাই ২০২৬, ১৭:৪৩

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

চুয়াডাঙ্গা, ২২ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার আলুকদিয়ায় মেরামত করা মোটরসাইকেল ট্রায়াল দিতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে আব্দুল্লাহ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছেন। 

আজ বুধবার দুপুর ১টার দিকে আলুকদিয়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আব্দুল্লাহ চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের সাহাবুদ্দিনের ছেলে। সে আলুকদিয়া বাজারে একটি মোটরসাইকেল সার্ভিসিং এর দোকানে কর্মরত ছিল। 

স্থানীয়রা জানান, বুধবার সকাল থেকে আব্দুল্লাহ মোটরসাইকেল মেরামতের কাজ করছিলেন। একটি মোটরসাইকেলের মেরামত শেষে সেটি ঠিকভাবে চলছে কি না তা পরীক্ষা করতে সড়কে ট্রায়াল দিতে বের হন। এ সময় চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজারের কাছে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে আবদুল্লাহ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে কোন অভিযোগ দিলে সেটাও আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।