শিরোনাম

রাঙ্গামাটি, ২২ জুলাই ২০২৬ (বাসস): জেলার লংগদু উপজেলায় আজ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান।
আজ বুধবার সকালে রাঙ্গামাটি ২৯৯ নং আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান লংগদু উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা ও বিভিন্ন সরকারী দপ্তর পরিদর্শন এবং মতবিনিময় করেন।
লংগদু উপজেলা পরিষদ সম্মেলন কক্ষের উদ্বোধন ও মতবিনিময় শেষে দীপেন দেওয়ান এমপি বলেন, লংগদু থেকে নানিয়ারচর সংযোগ সড়কের কাজ দ্রুত সময়ে সম্পন্ন করে এই সড়ক চালুর উদ্যোগ নেয়া হবে। এছাড়াও উপজেলার বিদ্যুৎবিহীন তিন ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন সহ বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে, দীপেন দেওয়ান এমপি লংগদু উপজেলায় দলীয় নেতৃবৃন্দের সাথে পৃথকভাবে মত বিনিময় করেন এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করেন।