শিরোনাম

দিনাজপুর, ২২ জুলাই ২০২৬ (বাসস): জেলার কাহারোল উপজেলায় আজ মাদক বিক্রি ও সেবনের দায়ে একজনকে দু'বছর এবং অপর ছয়জনকে একবছর করে কারাদণ্ড এবং প্রত্যেককে পাঁচশ’ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুরে কাহারোল উপজেলার ভেন্ডাবাড়ী বাজার এলাকায় অভিযানকালে আটককৃতদের এ দণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল সাড়ে ১০টায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানকালে কাহারোল উপজেলার ভেন্ডাবাড়ী বাজার এলাকায় মাদক সেবনরত অবস্থায় ৭ জনকে আটক করা হয়। আটককৃতদের বুধবার দুপুর ২ টায় কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকলেদা খাতুন মীম -এর ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত জেলার কাহারোল উপজেলার নিজিয়া গ্রামের জাহাঙ্গীর আজমের পুত্র মো. সোহেল আজম (২৬), একই উপজেলার উচিতপুর গ্রামের আব্দুল মজিদের পুত্র মো. বিল্লুর রহমান (২৩), সুন্দাইল গ্রামের মো. খোকন মিয়ার পুত্র মো. শরিফুল ইসলাম (২৭), রামচন্দ্রপুর গ্রামের মতিলাল রায়ের পুত্র পবিত্র রায় (২৬), একই গ্রামের কনাথ চন্দ্র রায়ের পুত্র সুপেন চন্দ্র রায় (৩৬) এবং পাইকপাড়া গ্রামের সুবাশ চন্দ্র মিত্রের পুত্র বিমল মিত্রকে (৪৫) মাদক সেবনের দায়ে একবছর করে কারাদণ্ড এবং জনপ্রতি পাঁচশ’ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছে।
এছাড়া, অপর আসামী কাহারোল উপজেলার পাইকপাড়া গ্রামের মো. রফিকুল ইসলামের পুত্র মো. রিমন ইসলামকে (১৯) মাদক সেবন ও বিক্রির দায়ে দুইবছর কারাদন্ড ও পাঁচশ’ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বিষয়টি নিশ্চিত করে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, দণ্ডপ্রাপ্ত ৭ জনকে আজ বুধবার দুপুর আড়াইটায় পুলিশ পাহারায় দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।