শিরোনাম

ময়মনসিংহ, ১৭ মে, ২০২৬, (বাসস) : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ডিজাইন, প্রশিক্ষণ ও পাইলটিং শেষে ২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে নতুন কারিকুলাম। আগামী এক বছরের মধ্যে ডিজাইন সম্পন্ন করা হবে। নতুন কারিকুলামে ২০২৭ এবং ২০২৮ সালে শিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন করা হবে।
আজ রোববার দুপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ময়মনসিংহ, আয়োজিত প্রাথমিক স্তরের ভাষার দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেইজলাইন রিপোর্ট শেয়ারিং সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, এখন প্রাথমিক শিক্ষার মাপকাঠি হবে শিক্ষার্থীদের আমরা কতটুকু শিখিয়ে বের করতে পারছি। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে শিক্ষা ব্যবস্থার ওপর মূল্যায়িত করা হবে সকল কর্মকর্তাদের। এতে উন্নত ওয়াশরুম এবং শ্রেণিকক্ষের প্রয়োজনীয়তা রয়েছে।
তিনি বলেন, ভাষা, গণিত, সিটি এডুকেশন এবং একই সঙ্গে স্পোর্টস, কালচার এই ভিত্তিতে আমরা নতুন কারিকুলাম শিখাচ্ছি। এই নতুন কারিকুলাম ক্লাসরুমে আবদ্ধ থাকবে না। আগামী দিন থেকে প্রত্যেকটা স্ট্রাকচার হবে, শিক্ষার্থীদের আমরা কতটুকু শেখাতে পারলাম, তার ওপর ভিত্তি করে।
এসময় নেপের মহাপরিচালক ফরিদ আহমদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।