শিরোনাম

নড়াইল, ১ মে ২০২৬ (বাসস): জেলায় আজ ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য সেইফটি দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শুক্রবার আজ সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের সমন্বয়ে বর্ণাঢ্য র্যালি বের হয়।
জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকীসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া শুক্রবার সকাল থেকে বিভিন্ন শ্রমিক সংগঠন শহরে খন্ড-খন্ড র্যালি বের করে। জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।