শিরোনাম

নেত্রকোণা, ১ মে, ২০২৬ (বাসস) : ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নব প্রভাত’ এই প্রতিপাদ্যে জেলায় আজ যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে আজ সকাল ১০টায় শহরের মুক্তারপাড়া মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শহরের মোক্তারপাড়ায় পাবলিক হলে এক আলোচনা সভায় মিলিত হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও নেত্রকোণা পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. নুরুজ্জামান এবং জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
সভায় বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ কর্মসূচি সফল করতে আঞ্চলিক শ্রম দপ্তর, ময়মনসিংহ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ময়মনসিংহ সার্বিক সহযোগিতা প্রদান করে।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।