বাসস
  ০১ মে ২০২৬, ১১:১৫

বাগেরহাটে অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান

ছবি : বাসস

বাগেরহাট, ১ মে, ২০২৬ (বাসস): জেলার মোল্লাহাট উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভায় এই আহ্বান জানানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাতেম আলী, কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, জামায়াতের সেক্রেটারি হাফেজ মো. হেদায়েত উল্যাহ, যুব বিভাগের সাধারণ সম্পাদক পারভেজ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহসভাপতি আব্দুল্লাহ ফারুক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন বলেন, ‘উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। তবে টেকসই শান্তি নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা অপরিহার্য। মাদক, চুরি-ডাকাতি ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করতে হবে।’ 

তিনি বলেন, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও জনবহুল এলাকায় নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেন এবং সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) হাতেম আলী তার বক্তব্যে বলেন, ‘সাম্প্রতিক সময়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ নিয়মিত টহল কার্যক্রম জোরদার করেছে এবং অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।’

তিনি মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার কথা উল্লেখ করে বলেন, অপরাধীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। পাশাপাশি সাধারণ জনগণকে যেকোনো অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত অন্যান্য বক্তারা উপজেলার বিভিন্ন এলাকায় ছোটখাটো অপরাধ, যানজট, কিশোর গ্যাং এবং সামাজিক সমস্যা নিয়ে মতামত তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

সভায় সর্বসম্মতিক্রমে আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।