বাসস
  ৩০ এপ্রিল ২০২৬, ২১:৪২

সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৬ (বাসস) : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী হিম্মতপুর এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ১ কোটি ১৪ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র একটি টহলদল গতকাল রাতে দায়িত্বরত সীমান্তবর্তী হিম্মতপুর নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এ সময় একটি গাড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ১৪ লাখ ৪০ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। জব্দকৃত এসব মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, কুমিল্লা ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।