বাসস
  ৩০ এপ্রিল ২০২৬, ২১:২৮

নওগাঁয় রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী পালনে প্রস্তুতি সভা 

ছবি : বাসস

নওগাঁ, ৩০ এপ্রিল, ২০২৬ (বাসস) : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক টিএমএ মুমিন সভাপতিত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসানসহ জেলা পর্যায়ের কর্মকর্তা, জেলা সদর এবং রানীনগর ও আত্রাই উপজেলার সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। 

সভায় জানানো হয়-আগামী ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আত্রাই উপজেলার পতিসরে কবির নিজস্ব জমিদারি কাছারিবাড়িতে এক দিনের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হবে।

‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ শিরোনামে সংস্কৃতি মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসন এই আয়োজন করবে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে সকালে দেবেন্দ্র মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ সভায় দেশের প্রখ্যাত কবি সাহিত্যিক, গবেবষকগণ কবির কর্মময় জীবনী ও বিভিন্ন সৃষ্টিকর্ম তুলে ধরে আলোচনা করবেন। বিকেলে একই মঞ্চে সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।

সাংষ্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় জেলা সদর, আত্রাই ও রানীনগর উপজেলার শিল্পীদের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকাসমূহের বিভিন্ন শিল্পীগোষ্ঠী অংশগ্রহণ করবে। এছাড়া পতিসর কাচারিবাড়ির আঙ্গিনায় গ্রামীণ মেলার আয়োজন করা হবে এবং দর্শনার্থীদের জন্য কাচারিবাড়ি উন্মুক্ত রাখা হবে।

অন্যদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

অনুষ্ঠানসমূহ সুষ্ঠভাবে সম্পন্ন করতে বিভিন্ন উপ কমিটি গঠন, সিদ্ধান্ত গ্রহণ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেয়া হবে।