বাসস
  ৩০ এপ্রিল ২০২৬, ২০:১১

শরীয়তপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

শরীয়তপুর, ৩০ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার নড়িয়া উপজেলায় কীর্তিনাশা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রাজীব শেখ (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে  রাজীব শেখ প্রতিদিনের মতো কীর্তিনাশা নদীতে মাছ ধরছিলেন। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে একটি শক্তিশালী বজ্র তাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আশপাশে থাকা লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রাজীব শেখ ওই এলাকারই বাসিন্দা।

সংবাদ পেয়ে নড়িয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়। 

উপজেলা প্রশাসন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাৎক্ষণিকভাবে দাফন-কাফন ও অন্যান্য আনুষাঙ্গিক খরচের জন্য ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করে।

উপজেলা দূর্যোগ ও ত্রাণ কর্মকর্তা জানান, বজ্রপাতে প্রাণহানির ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা নিহতের পরিবারের পাশে আছি এবং সরকারি নিয়ম অনুযায়ী তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

এই অনাকাক্সিক্ষত মৃত্যুতে মাইজপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নিহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং নদী তীরবর্তী এলাকার মানুষদের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।