বাসস
  ৩০ এপ্রিল ২০২৬, ২০:০৯

রাজবাড়ীতে তামাক নিয়ন্ত্রণ কমিটির সভা

রাজবাড়ীতে তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ও বাস্তবায়ন কমিটির সভা আজ অনুষ্ঠিত। ছবি: বাসস

রাজবাড়ী, ৩০ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাজবাড়ীতে তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ও বাস্তবায়ন কমিটির সভা আজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপপরিচালক ডা. রোকনুজ জামান, জেলা তথ্য কর্মকর্তা রেখা ইসলাম প্রমুখ।
 সঞ্চালনায় ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট  উছেন মে।

জেলা তথ্য কর্মকর্তা রেখা ইসলাম জানান, আমরা রিমোট এরিয়ায় কাজ করে যা জানতে পেরেছি, অনেক কলেজ গামী মেয়েরাও ফ্যাশন করে ধূমপানের সাথে জড়িত হয়ে পড়ছে। আমরা উঠান বৈঠকের মাধ্যমে ধুমপানের কুফল তুলে ধরছি যাতে এ জঘন্য কাজ থেকে তারা বিরত থাকে।

জেলা সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বলেন, যে সকল মহিলারা গর্ভাবস্থায় ধূমপান করেন তাদের অনেকেই আজমা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

তিনি বলেন, আমাদের পরিবারগলোর মধ্যে যারা অধূমপায়ী তারা ধূমপায়ী সদস্যের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হন।

এ জন্য আমাদের পরিবারে অটিস্টিক সন্তান জন্ম নেয়ার সম্ভাবনা রয়েছে।

জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, ধূমপানের কারণে অনেকেই  হার্টের রোগে আক্রান্ত হচ্ছেন।

এ কারণে আমাদের প্রিয় ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ জন্যে আমাদের উচিৎ যারা ধূমপানের সাথে জড়িত তাদেরকে মোটিভেশনের মাধ্যমে নিরুৎসাহিত করা।