বাসস
  ৩০ এপ্রিল ২০২৬, ১১:২২

কুড়িগ্রামে হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে জরিমানা 

ছবি : বাসস

কুড়িগ্রাম, ৩০ এপ্রিল ২০২৬ (বাসস): নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে জেলায় কয়েকটি যানবাহনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কুড়িগ্রাম জেলা প্রশাসন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করে।

গতকাল বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সদর উপজেলার ত্রিমোহনী এলাকায় এ অভিযান চালানো হয়। কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুদ্দীন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন । অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে পাঁচটি যানবাহনের কাছ থেকে মোট চার হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সাথে আটটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

অভিযান চলাকালে সংশ্লিষ্টদের শব্দ দূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের আইনভঙ্গের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়।