শিরোনাম

পঞ্চগড়, ২৯ এপ্রিল ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সোলায়মান হক (৩৬) নামের মোটরসাইকেল আরোহী এক আইনজীবী নিহত হয়েছেন।
আজ বুধবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার আহমদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোলায়মান হক জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের সদারপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। তিনি পঞ্চগড় জজ কোর্টের আইনজীবী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে আদালত থেকে কাজ শেষ করে মোটরসাইকেলে করে নিজ বাড়ি মাড়েয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন সোলায়মান হক। পথিমধ্যে আহমদনগর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির অজ্ঞাত ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পঞ্চগড় সদর থানার পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।