বাসস
  ২৯ এপ্রিল ২০২৬, ২০:৪০

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি 

সাতক্ষীরা, ২৯ এপ্রিল ২০২৬ (বাসস) : জেলায় আজ কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর অভিযানকালে ভারতীয় ওষুধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১১ লাখ ৯৯ হাজার টাকা।

আজ বুধবার কলারোয়া উপজেলার হিজলদী, মাদরা ও কাঁকডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।  

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে হিজলদী বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বড়ালী আমবাগান ও বড়ই বাগান নামক স্থান হতে ভারতীয় মদ ও ওষুধ এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার উত্তর ভাদিয়ালী নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। এছাড়া, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১১ লাখ ৯৯ হাজার টাকা। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।