শিরোনাম

খাগড়াছড়ি, ২৯ এপ্রিল ২০২৬ (বাসস): জেলায় আজ মহালছড়ি সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার মহালছড়ি জোনের আওতাধীন খাগড়াছড়ি সদরের কমলছড়ি এলাকার হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ চিকিৎসা ক্যাম্পে দুর্গম এলাকার তিন শতাধিক মানুষ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা গ্রহণ করেন। এতে শিশু, নারী ও বয়স্ক রোগীদের জন্য পৃথকভাবে চিকিৎসা ব্যবস্থা রাখা হয়। সাধারণ জ্বর, সর্দি-কাশি, চর্মরোগ, গ্যাস্ট্রিক, উচ্চ রক্তচাপসহ নানা রোগের চিকিৎসা প্রদান করা হয় এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন বোরহান উদ্দিন বায়েজীদ বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষ যাতে সহজে চিকিৎসা সেবা পায়, সে লক্ষ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে নিয়মিত এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এর আরএমও ক্যাপ্টেন লাবনী জামান বলেন, এ ক্যাম্পের মাধ্যমে অনেক রোগী প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পেয়েছেন।
মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মোয়াজ্জেম হোসেন চৌধুরী জানান, পাহাড়ি এলাকার প্রত্যন্ত জনগোষ্ঠীর জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সেনাবাহিনী ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে আরও বেশি মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।