শিরোনাম

পঞ্চগড়, ২৬ এপ্রিল,২০২৬(বাসস):জেলার আটোয়ারী উপজেলায় বজ্রপাতে সারওয়ারদ্দী (২১) নামের এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
আজ রোববার সকালে ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের একটি চা-বাগানে পাতা সংগ্রহের সময় এ ঘটনা ঘটে।
মৃত সারওয়ারদ্দী উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের আবু সামাদের ছেলে। আহতরা হলেন- একই এলাকার মোস্তফা (৪৫) ও জাহেরুল ইসলাম (৪৩)। বর্তমানে তারা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানায়, সকালে সারওয়ারদ্দীসহ কয়েকজন শ্রমিক চা-পাতা তুলতে বাগানে যান। এ সময় হঠাৎ আকাশে ঘন কালো মেঘ জমে এবং হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তিনজন শ্রমিক মাটিতে লুটিয়ে পড়েন।
পরে অন্য শ্রমিকরা আহতদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পথেই সারওয়ারদ্দী মারা যান। গুরুতর আহত মোস্তফা ও জাহেরুল ইসলামকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।