শিরোনাম

রাঙামাটি, ২৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার লংগদু উপজেলায় চিকিৎসাধীন অবস্থায় একটি বড় পুরুষ বন্যহাতির মৃত্যু হয়েছে।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায় বলে রোববার দুপুরে বাসস’কে মুঠোফোনে নিশ্চিত করেছেন পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ।
তিনি জানান, বড় বয়স্ক হাতিটি বিগত কয়েক সপ্তাহ ধরে অসুস্থ ছিল। এর আগে এপ্রিল মাসের শুরুতে চট্টগ্রাম ভেটেরিনারি থেকে একটি টিম অসুস্থ হাতিটিকে চিকিৎসা দেয়। এর পর থেকে উপজেলার ইআরটি টিমের সহযোগিতায় হাতিটিকে বিভিন্ন ওষুধ খাওয়ানো হচ্ছিল। ইআরটি টিম আজ সকালে হাতিটিকে খাবার মাধ্যমে ওষুধ খাওয়ানোর জন্য গেলে সেখানে হাতিটির মৃতদেহ দেখতে পায়। মৃত পুরুষ হাতিটির বয়স আনুমানিক ৬৩ বছর ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
মো. রফিকুজ্জামান শাহ আরও বলেন, মৃত হাতিটির পাশে সঙ্গীয় আরো হাতি দাঁড়িয়ে রয়েছে। সঙ্গী হাতিটি সরে গেলে মৃত হাতিটির দাফন করা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে পাবলাখালী রেঞ্জের কর্মকর্তা শরীফুল ইসলাম অসুস্থ হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাসস’কে জানান, পুরুষ হাতিটি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। কয়েক সপ্তাহ আগে দুই দফায় হাতিটিকে চিকিৎসাসেবা দেয়া হলেও আজ চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়।
স্থানীয় ইআরটি টিমের (এলিফ্যান্ট রেসপন্স টিম) টিম লিডার মো. জয়নাল জানান, ‘রোববার সকালে আমরা হাতিকে ওষুধ ও খাবার দিতে এসে অসুস্থ বন্যহাতিটিকে মৃত অবস্থায় দেখতে পাই।
পাহাড়ে হাতির বসবাসকৃত অভয়ারণ্যগুলো ধংস হওয়ার ফলে প্রতিনিয়ত হাতি ও মানুষের দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাহাড়ের প্রাণ প্রকৃতি। মৃত্যুর মুখে পতিত হচ্ছে হাতিসহ নানা প্রজাতির প্রাণী। প্রকৃতি রক্ষায় পাহাড়ে কার্যকর উদ্যোগ গ্রহণে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।