শিরোনাম

নাটোর, ২৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : বিজ্ঞান ও প্রযুুক্তি শিক্ষার প্রসার ঘটিয়ে তারুণ্য নির্ভর বুদ্ধি দীপ্ত জাতি গঠনের লক্ষ্যে নাটোরে জেলা পর্যায়ের দুই দিনব্যাপী ৪৭তম বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
‘উদ্ভাবনা নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’-প্রতিপাদ্য বিষয়ে আজ রোববার বেলা ১২টায় নাটোর দিঘাপতিয়া এমকে কলেজ প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন ।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাতআরা ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ আদনান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটাতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহন করছে। এই লক্ষ্যে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি গবেষণা কার্যক্রম জোরদার করা হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার মাধ্যমে আগামীতে বুদ্ধি দীপ্ত জাতিতে পরিণত হবে বাংলাদেশ।
মেলায় সাতটি উপজেলা থেকে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করছে। মেলায় শিক্ষার্থীদের জন্যে বিজ্ঞান বিষয়ক সেমিনার, অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। আগামীকাল মেলা শেষ হবে।