শিরোনাম

গাইবান্ধা, ২৬ এপ্রিল ২০২৬ (বাসস):জেলার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের গান্ধার খালের পুনঃখনন কাজ উৎসবমুখর পরিবেশে গতকাল শুরু হয়েছে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এ কর্মসূচিটি বাস্তবায়ন করছে।
স্থানীয় সংসদ সদস্য মাজেদুর রহমান প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ খাল খনন কাজের উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এফফাত জাহান তুলি।
মাজেদুর রহমান বলেন, খনন কাজের অভাবে খালটির নাব্যতা ও স্থানীয় জীববৈচিত্র্য হারিয়েছে । মাটি ভরাট হয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
তিনি বলেন, পুনঃখননের মাধ্যমে খালটি তার নাব্যতা ও জীববৈচিত্র্য ফিরে পাবে। এর মাধ্যমে স্থানীয়দের বৃহত্তর পরিসরে কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে।
বিএডিসির উপ সহকারী প্রকৌশলী আবদুস সামাদ জানান, নজরুল প্রি-ক্যাডেট একাডেমি থেকে সর্বানন্দ গুচ্ছগ্রাম পর্যন্ত খালের খনন কাজ বাস্তবায়ন করা হবে। এই কাজের আওতায় খাল থেকে মোট ৩০,০০০ ঘনফুট মাটি অপসারণ করা হবে।
দীর্ঘদিন পর খালের পুনঃখনন কাজ শুরু হওয়ায় স্থানীয়রা আনন্দিত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এসময় বিপুলসংখ্যক স্থানীয় জনতা, আমন্ত্রিত অতিথি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।