শিরোনাম

চট্টগ্রাম, ২৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : নোয়াখালীর হাতিয়ায় অবৈধভাবে মজুতকৃত ৩ হাজার লিটার ডিজেল জব্দ এবং ১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী অবৈধ মজুত ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে নোয়াখালীর হাতিয়ায় পরিচালিত এক যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৩ হাজার লিটার ডিজেল জব্দ এবং ১ জনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে, শুক্রবার দিবাগত রাতে হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের কালামচর সুইচ ঘাট সংলগ্ন এলাকায় বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ও হাতিয়া থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ‘মা-বাবার দোয়া’ বরফ কল সংলগ্ন এলাকা থেকে মজুত করা ১৫টি ব্যারেলে মোট ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। অতিরিক্ত মুনাফার লোভে ডিজেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করার দায়ে এ সময় মো. মহিউদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
অভিযান শেষে জব্দকৃত ডিজেল ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, জাতীয় স্বার্থবিরোধী এ ধরনের অবৈধ জ্বালানি মজুত বা পাচার কার্যক্রম কঠোরভাবে দমন করার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। এ ধরনের অপরাধ প্রতিরোধে নৌবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানায় আইএসপিআর।