বাসস
  ২৫ এপ্রিল ২০২৬, ২০:৩৫

গোপালগঞ্জে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ 

ছবি : বাসস

গোপালগঞ্জ, ২৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার কোটালীপাড়া উপজেলায় আজ পরিবেশ সুরক্ষা ও জলাশয়ের নাব্যতা ফিরিয়ে আনতে স্বেচ্ছাশ্রমে ‘কোনের ভিটা’ খালের কচুরিপানা পরিষ্কার ও বৃক্ষরোপণ করা হয়েছে। 

আজ শনিবার সকালে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ‘কোনের ভিটা’ খালের কচুরিপানা পরিষ্কার এবং খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

দিনব্যাপী এ কর্মসূচিতে প্রায় দুইহাজার স্বেচ্ছাসেবক ও বিএনপি নেতাকর্মীরা অংশ নেন। তারা দুই কিলোমিটার দীর্ঘ এ খালের কচুরিপানা পরিষ্কার করেন। তারা খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষরোপণ করেন।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অপূর্ব হালদার অপু, নেতা শেখ আফজাল হোসেন, সেকেন্দার আলী, কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল বশার প্রমুখ উপস্থিত ছিলেন।